ইসলাম ডেস্ক : ১২ হাজারেরও বেশি নিয়মিত ও চার্টার্ড ফ্লাইট নিয়ে কাজ করবে সৌদি আরব। পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে আকাশ, রেল, সড়ক ও সমুদ্রপথ মিলিয়ে এক বিশাল পরিবহন পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজির নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশটির পরিবহন ও লজিস্টিক সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সৌদি পরিবহন ও লজিস্টিক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, এবারের হজে হাজিদের জন্য উড়োজাহাজগুলোতে মোট ৩১ লাখের বেশি আসন বরাদ্দ করা হয়েছে। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনে ১২ হাজারেরও বেশি নিয়মিত ও চার্টার্ড ফ্লাইট কাজ করবে। যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নির্ধারিত ছয়টি প্রধান বিমানবন্দরে ২২ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত থাকবেন।
হাজিদের সুবিধার জন্য এবার ‘ব্যাগেজ-ফ্রি ট্রাভেলার’ বা ব্যাগহীন যাত্রী সেবা চালু করা হয়েছে। এই সেবার আওতায় হাজিরা তাদের থাকার জায়গা থেকেই সরাসরি লাগেজ পাঠিয়ে দিতে পারবেন। পাশাপাশি জমজমের পানি আগেভাগেই পাঠানোর সুবিধাও বাড়ানো হয়েছে। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’ একাই ১০ লাখের বেশি আসন বরাদ্দ করেছে। অন্যদিকে ‘ফ্লাইনাস’ এয়ারলাইন্স বিশ্বের ২০টি আন্তর্জাতিক গন্তব্য থেকে প্রায় দেড় লাখ হাজির যাতায়াত নিশ্চিত করবে।
পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াতে এবারও মূল ভূমিকা পালন করবে রেল পরিষেবা। মিনা, মুজদালিফা ও আরাফাতের মধ্যে হাজিদের যাতায়াতে মাশায়ের ট্রেন ২ হাজারেরও বেশি ট্রিপ সম্পন্ন করবে। আশা করা হচ্ছে, এই ট্রেনের মাধ্যমে ২০ লাখেরও বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এছাড়া মক্কা ও মদিনার মধ্যে সংযোগকারী হারামাইন হাইস্পিড রেলওয়ে ৫ হাজার ৩০৮টি ট্রিপ পরিচালনা করবে, যেখানে আসন সংখ্যা থাকবে ২২ লাখের বেশি।
