বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাশপুরের মুলাই বেপারীকান্দি গ্রামে সাগর বেপারীর বাড়িতে বোমা বিষ্ফোরণে উড়ে গেছে পুরো ঘর। এসময় বোমা বিষ্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অপর ২ জন। এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রতার জেরে গত কয়েকদিন ধরে দু’টি গ্রপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিলো। বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো।
বৃহস্পতিবার ভোরে বোমা বিষ্ফোরণে উড়ে যায় স্থানীয় সাগর বেপারীর টিনের ঘর। এসময় বোমা বিষ্ফোরণে সোহান নামে এক যুবকের হাত ও শরীরছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে সাতশ’ মিটার দূরে রসুন ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘরটির ভিতরে শত শত ককটেল বানানোর সরঞ্জাম এবং বস্তাভর্তি ককটেল পাওয়া যায়। এ ঘটনায় আহত নবিন সরদার ও আরমান মোল্লাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে র্যাব সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।
ভোরে বোমার শব্দে ঘুম ভাঙ্গে এলাকাবাসীর। সাগর বেপারীর স্ত্রী শিল্পী আক্তার বলেন, “আমি রাতে আমার ঘরে বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলাম। ভোর অনুমান ৪টায় হঠাৎ করে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তার পরে শুনতে পাই আমাদের নতুন ঘরে কে বা কারা বোমা বানাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।”
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, “বোমা বানানোর সময় তা বিষ্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক তৈরি করছে। এ বোমা তৈরিতে কাদের লাভ হচ্ছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএআর/
