ঢাকার সাভারে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে গুলিসহ হামলায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেল (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল সাভার উপজেলার মজিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে ও সাভার থানা যুবলীগের সাবেক সভাপতি। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালে সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে অংশ নেন সোহেল। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে এলাকায় ফিরে আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সাভার পৌরসভার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এআইএল/
