বিকেলে সংবাদ সম্মেলন, সকালেই মিছবাহ-আবরারের বড় ইঙ্গিত

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

নির্বাচনী সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগেই সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও ১১টি দলের সঙ্গে জোট ও আসন সমঝোতা ইস্যুতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন দলটির দুই শীর্ষ আলেম নেতা—মুফতি হাবিবুর রহমান মিছবাহ ও মুফতি রেজাউল করিম আবরার।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এবং দলের নেতা মুফতি হাবিবুর রহমান মিছবাহ পৃথক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সমঝোতা প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন।

মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, শেষ পর্যন্ত পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ সমঝোতা রক্ষায় অপেক্ষা করেছেন। আসন সংখ্যা এখানে মুখ্য বিষয় ছিল না, বরং সংকট তৈরি হয়েছে নীতি ও আদর্শের জায়গায়। তিনি বলেন, পীর সাহেব চরমোনাই ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার লক্ষ্যে ‘ওয়ান বক্স পলিসি’ বা একক সমঝোতার প্রস্তাব দেন। কিন্তু জামায়াত আমীর এটিকে ‘ইসলামী সমঝোতা নয়, রাজনৈতিক সমঝোতা’ বলে উল্লেখ করে সেই নীতিকে ভঙ্গ করেন।

মিছবাহর অভিযোগ, সমঝোতার শুরুতেই পীর সাহেব চরমোনাই জামায়াত আমীরকে আকীদা বিষয়ে জাতির সামনে স্পষ্ট অবস্থান জানাতে আহ্বান জানালেও তিনি তা করেননি। ইসলামী আন্দোলন নীতি ও শরিয়াহ বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে, অথচ নারী–পুরুষ বৈষম্য দূরীকরণের নামে জামায়াতের কিছু আচরণ শরিয়াহ পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সমঝোতা আলোচনায় ইসলামী আন্দোলনের চাহিদাসম্পন্ন আসনগুলোর বড় অংশ জামায়াত নিজেদের ও এনসিপির জন্য বরাদ্দ রাখে। এমনকি নিজেদের আসন না কমিয়ে ইসলামী আন্দোলনের কোটা থেকে এনসিপিকে ৩০টি আসন দেওয়ার ঘোষণা আসে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য যে ৪০–৪৫টি আসনের প্রস্তাব রাখা হয়, সেখানে জামায়াতের পর্যাপ্ত ভোট নেই, যার সহযোগিতায় আইএবির প্রার্থীরা বিজয়ী হতে পারেন। এতে সমঝোতার কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।

মিছবাহ বলেন, আসনের সংখ্যা নয়, বরং বিভিন্ন অপকৌশলের মাধ্যমে ইসলামী আন্দোলনের রাজনীতি সংকুচিত করার একটি নীলনকশা স্পষ্ট হয়ে উঠেছে। ‘যে দল সমঝোতার রূপকার, তাকেই যদি রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়, তাহলে সেই ঐক্য কীভাবে টিকে থাকবে?’—এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪০–৫০ আসনে নির্বাচন করতেও রাজি ছিল এবং পীর সাহেব চরমোনাই ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেও প্রস্তুত ছিলেন। কিন্তু এর মধ্যেই জামায়াতের পক্ষ থেকে ‘ক্ষমতায় গেলে প্রচলিত সংবিধান পরিবর্তন করা হবে না এবং শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে না’—এমন বক্তব্য সামনে আসায় ওয়ান বক্স পলিসির মূল উদ্দেশ্যই ভেঙে পড়ে।

এই প্রেক্ষাপটে দেশের শীর্ষ মুরুব্বীদের সঙ্গে পরামর্শ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ ১৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়। সেখানে দলটির চূড়ান্ত রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নেতারা।

অন্যদিকে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি রেজাউল করিম আবরার বলেন, ‘ইসলামী রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কৌশল থাকবে, এগিয়ে যাওয়ার কর্মপন্থা থাকবে। কিন্তু একের পর এক ধোঁকাবাজি ও মিথ্যাচার ইসলামী রাজনীতিতে নেই।’

পোস্টে তিনি অভিযোগ করেন, ইসলামের পক্ষে একটি বাক্সে ভোট যাওয়ার কথা থাকলেও যাঁরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার চিন্তাকে মানেন না এবং পশ্চিমা সংস্কৃতির পক্ষে অবস্থান নেন, তাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই আসন ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি আগে যে আসন একবার অন্যদের দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় ছাড় দেওয়ার ঘটনাও ঘটেছে।

ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি লেখেন, ‘আমি সিদ্ধান্ত দিয়েছি, আপনি অমুক অমুক আসনে নির্বাচন করবেন। এর বাইরে যেতে চাইলে সবখানেই আপনি নিশ্চিতভাবে ব্যর্থ হবেন।’—এ ধরনের একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মনোভাবকে তিনি ইসলামী রাজনীতির পরিপন্থী বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মুফতি ফয়জুল করীমসহ অনেক আলেম বারবার সমঝোতা টিকিয়ে রাখার অনুরোধ জানালেও নির্ধারিত আসনের বাইরে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।

শেষে আবরার বলেন, ইসলামী আন্দোলন বড় দল না হলেও এখানে এমন মানুষ আছেন, যাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর। আমীরের হৃদয়ের তড়প থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটিই বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

নির্বাচনী সমঝোতা নিয়ে চলমান এই টানাপোড়েনের মধ্যেই আজকের সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222