সোনারগাঁয়ে ৭ ডাকাতকে গণধোলাই এলাকাবাসীর

by Fatih Work

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রীজ এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততিকালে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো- মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করাকালীন অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের এলাকাবাসী আটকে গণধোলাই দেয়।

বিজ্ঞাপন
banner

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ছোড়া, লোহার রড ও চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। পরে গণধোলাইয়ের শিকার ডাকাতদের চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পুলিশ পাহাড়ায় ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের একাধিক পয়েন্টে প্রতিদিন রাতে ডাকাত দল বিভিন্ন যাত্রীবাহী যানবাহন থেকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা-পয়সা, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়িকে সবচেয়ে বেশি টার্গেট করতো সশস্ত্র এ ডাকাতদল। এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গোলাকান্দাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেক ব্যবসায়ী, সাধারণ যাত্রী ও প্রবাসীরা।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শিংলাবো ব্রীজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টহল দল ওই এলাকায় টহল দেওয়ার সময় টর্চ লাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে আলোকিত করে। এসময় সেখানে পূর্বে থেকে ওৎপেতে থাকা ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী এসময় ধাওয়া করে ৭ ডাকাতকে হাতেনাতে আটকের পর গণধোলাই দেয়। পুলিশ আটককৃত ডাকাতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের একাধিক পয়েন্টে বিভিন্ন সময়ে ডাকাতি সংগঠিত হলেও এতদিন প্রশাসন নির্বিকার ছিল। ডাকাত আতংকে সন্ধ্যার পর এ সড়ক দিয়ে চলাচল করতে সবাই ভয় পেতো। সন্ধ্যার পর বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়ে অসংখ্য পরিবহন যাত্রী তাদের নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে আহত করেছে। আটককৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, “এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222