ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু রুবেল আহমেদ আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) আদালত সূত্র জানায়, রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকারে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞার আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এর আগে গত ২১ জানুয়ারি রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন আদালত প্রথম দফায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা গুলি করে গুরুতর আহত করে শরিফ ওসমান হাদিকে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
এ ঘটনায় ডিবি পুলিশ গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তবে অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ইনকিলাব মঞ্চ নারাজি আবেদন করলে আদালত তা মঞ্জুর করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। আগামী ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এমএআর/
