শহীদ জিয়াকে অগণতান্ত্রিক বলায় ববি হাজ্জাজের মনোনয়ন বিতর্কে

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের মনোনয়ন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

ভাইরাল হওয়া ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বক্তব্যের ভাষা ও প্রেক্ষাপট বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে দেওয়া একটি বক্তব্য। ভিডিওতে সাবেক জাতীয় পার্টির নেতা ববি হাজ্জাজকে দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি ও এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করতে শোনা যায়।

ভিডিও বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, বর্তমানে দেশে কার্যকর কোনো প্রধান বিরোধী দল নেই। তিনি আরও উল্লেখ করেন, একসময় প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি ছিল, তবে সেই দলের স্রষ্টা জিয়াউর রহমান অগণতান্ত্রিক ছিলেন এবং তার মধ্যে অনেক ভুলত্রুটি ছিল।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ববি হাজ্জাজের বক্তব্যকে দলীয় আদর্শ, ইতিহাস ও চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তাদের মতে, শহীদ জিয়াকে নিয়ে এ ধরনের বক্তব্য একজন বিএনপি মনোনীত প্রার্থীর কাছ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির আদর্শিক ভিত্তির মূল স্তম্ভ। তাঁকে অগণতান্ত্রিক বলা দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের বক্তব্য মনোনয়নপ্রাপ্ত একজন প্রার্থীর জন্য অস্বস্তিকর এবং বিব্রতকর।’

তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে এবং দলীয় হাইকমান্ড নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

এদিকে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও ববি হাজ্জাজের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই দাবি করছেন, যিনি দলের প্রতিষ্ঠাতাকেই বিতর্কিতভাবে উপস্থাপন করেন, তিনি কীভাবে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ববি হাজ্জাজের পক্ষ থেকে তার ওই বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা, দুঃখপ্রকাশ বা অবস্থান স্পষ্ট করা হয়নি। একইভাবে বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো লিখিত বক্তব্য দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রেক্ষাপটে এমন বক্তব্য দলীয় ঐক্য ও নির্বাচনী কৌশলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি কীভাবে সমাধান হয়, সেদিকেই এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি।

উল্লেখ্য, ববি হাজ্জাজ (জন্ম: এপ্রিল ১৯৭৪) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

২০১২ সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে জাতীয় পার্টির পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

২০১৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচন বর্জনের সমালোচনা করে তিনি গণমাধ্যমে আলোচনায় আসেন।

২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। পরবর্তীতে ২০১৭ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) গঠন করেন।

বর্তমানে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ মোহাম্মাদপুর-আদাবর-শেরে বাংলা অঞ্চলে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222