ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতেই ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিকে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারও টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরে সাধারণ ছুটি থাকবে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকবেন।
এ ছাড়া শ্রমিক ও কর্মচারীদের ভোটদানের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
টিএইচএ/
