ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকলেও আইনি জটিলতার কারণে তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির পক্ষ থেকে জারি করা পৃথক তিনটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
কমিশন সূত্রে জানা গেছে, উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় এবং আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকায় এই আসনগুলোর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা পাঠিয়েছে ইসি।
চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে কমিশন জানিয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত একটি সিভিল পিটিশন (সিপিএলএ নং ৪৪১/২০২৬) সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, আসনটির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশে আইনগত বাধা রয়েছে। ফলে কমিশন এই আসনের ফলাফল স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রেও আদালতের অনুরূপ নির্দেশনা রয়েছে। আপিল বিভাগে চলমান মামলা (সিপিএলএ নং ৪৪০/২০২৬) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফলও ঝুলে থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে ইসি জানিয়েছে, আপিল বিভাগের ৪৪২/২০২৬ নম্বর মামলার চূড়ান্ত রায়ের ওপরই এই আসনের ভবিষ্যৎ নির্ভর করছে। আদালতের চূড়ান্ত আদেশ পাওয়ার পরেই কেবল এই তিনটি আসনের ভাগ্য নির্ধারিত হবে। এর আগ পর্যন্ত এই আসনগুলো গেজেট বহির্ভূত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
টিএইচএ/৩৬ নিউজ
