অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, এবারের ভাষা দিবসের আয়োজনে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি বা সুনির্দিষ্ট হুমকি নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা রক্ষা এবং শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ এর আশপাশের পুরো এলাকাকে এখন সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। র্যাব মহাপরিচালক জানান, নিরাপত্তা নিশিচত করতে পুরো এলাকা ৬৪টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় অবস্থিত শহীদ মিনারগুলোতেও শ্রদ্ধা নিবেদনের সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্ট্রাইকিং ফোর্স ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাব প্রধান বলেন, কোনো গোষ্ঠী বা সংগঠন দাবির আড়ালে সাধারণ মানুষকে জিম্মি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না। জনস্বার্থ বিঘ্নিত হয় এমন যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষ যাতে উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য র্যাবের সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। নাগরিকদের যেকোনো প্রয়োজনে র্যাবের সহা য়তা নিতে এবং সন্দেহজনক কিছু দেখলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এ কে এম শহিদুর রহমান।
টিএইচএ/
