সাহরির পরই বিস্ফোরণ, চট্টগ্রামে ৯ জন গুরুতর আহত

by Fatih Work

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দুই ভাইয়ের স্ত্রী-সন্তানসহ মোট নয়জন দগ্ধ হয়েছেন। আহতদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের ছয়তলা ভবন ‘হালিমা ম্যানসন’-এর তৃতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে। স্বজনদের দাবি, ভবনের লিফট ছিঁড়ে গিয়ে বিস্ফোরণের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দারা জানিয়েছেন, গ্যাসলাইনের বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
banner

দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম, ছেলে শাওন ও মেয়ে আইমান; সাখাওয়াতের ভাই পর্তুগালপ্রবাসী মো. সুমন, তার স্ত্রী পাখি আক্তার, তাদের ছেলে আনাস ও মেয়ে আইসা; এবং মো. শিপন নামের আরেকজন। দগ্ধদের মধ্যে মো. সুমন গত সপ্তাহে পর্তুগাল থেকে দেশে এসেছিলেন অবকাশ যাপনের জন্য। বর্তমানে তিনিও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরি খেয়ে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন সাখাওয়াত ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে বাসার দরজা-জানালার পর্দায় আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় পুরো বাসা ছেয়ে যায়। এতে শিশুসহ নয়জন গুরুতর দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্টার ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের মধ্যে তিনজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ, দুজনের ২৫ শতাংশ এবং দুজনের ২০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আহতদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় শেষ পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222