ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ওআইসির মন্ত্রিপর্যায়ের বিশেষ বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে মূলত ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বরাবরের মতোই ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্বমঞ্চে সোচ্চার ভূমিকা পালন করে আসছে, যার ধারাবাহিকতা এই বৈঠকেও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্যভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং মুসলিম উম্মাহর সমসাময়িক সংকটগুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তিন দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
টিএইচএ/
