ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন শেখ মো. সাজ্জাত আলী।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল মঙ্গলবার সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনীতে বড় রদবদল এনে আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র একদিনের মাথায় ডিএমপি কমিশনারের এই পদত্যাগের খবর সামনে এলো।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার প্রায় ৯ মাস আগেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসন ও পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে সংস্কার ও রদবদল চলছে। এরই অংশ হিসেবে ডিএমপি কমিশনারের পদে নতুন কোনো মুখ আসার গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের ফলে ঢাকা মহানগর পুলিশের শীর্ষ পদে এখন নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
টিএইচএ/
