আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে পাকিস্তানি বাহিনীর সরাসরি গুলিবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব আফগানিস্তানের এই জনবহুল শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম টোলো নিউজ (TOLOnews) এই খবর নিশ্চিত করেছে। হামলায় আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আসাদাবাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বেশ কিছু আবাসিক বাড়িঘর লক্ষ্য করে হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী। কোনো ধরনের উস্কানি ছাড়াই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। গুলির আঘাতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আতঙ্কিত মানুষজন এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কুনার প্রদেশের আসাদাবাদে এই হামলার ঘটনায় আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার ও প্রতিবেশী সুলভ আচরণের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এই হত্যাকাণ্ডের পর সীমান্ত এলাকায় উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।
টিএইচএ/
