পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত শরিফুল ইসলাম শরীফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ মার্চ) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম। গ্রেপ্তার শরীফ সম্পর্কে হত্যাকাণ্ডের শিকার কিশোরী জামিলা আক্তারের চাচা।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, যৌন হয়রানির চেষ্টা এবং তাতে বাধা পেয়ে ক্ষোভ থেকেই শরীফ সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তারকে (১৬) হত্যা করে। গ্রেপ্তার শরীফ দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
নিহতরাও একই এলাকার বাসিন্দা। জামিলা স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় জামিলার বোন বাদী হয়ে গত শনিবার ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জামিলার বাবা জয়নাল খাঁ কাজের সুবাদে প্রায়ই ঢাকার সাভারে বড় মেয়ের শ্বশুরবাড়িতে অবস্থান করতেন। জামিলা তার দাদি সুফিয়া খাতুনের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকত। ঘটনার সময় তার বাবা বাড়িতে ছিলেন না।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফ হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে জানান ডিবির ওসি রাশিদুল ইসলাম।
এনআর/
