উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে একঝাঁক ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ওই বিমানঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো (কন্ট্রোল রুম)। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংগঠনটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ঝাঁক বেঁধে ড্রোন’ ব্যবহার করে নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করা হয়েছে। উত্তর ইসরায়েলের এই বিমানঘাঁটিটি ইসরায়েলি বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা হিসেবে পরিচিত। তবে এই ড্রোন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
টিএইচএ/
