পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে সফল হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আইআরজিসি’র নৌবাহিনী এই হামলা চালায় বলে তাদের এক বিবৃতিতে জানানো হয়েছে। সংস্থাটির দাবি, হামলার পর ট্যাঙ্কারটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থক ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই অঞ্চল (হরমুজ প্রণালী) দিয়ে পার হতে দেওয়া হবে না।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, আইআরজিসি স্পষ্ট করে বলেছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ও রেজোলিউশন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “যদি কোনো শত্রু জাহাজ এই পথে পরিলক্ষিত হয়, তবে সেগুলোতে নিশ্চিতভাবে আঘাত করা হবে।” ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীকে ‘যুদ্ধ কবলিত অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে এবং তাদের সতর্কতা অমান্য করায় ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
