ইরানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর্যবেক্ষণ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (৪ মার্চ) দেশের পশ্চিমাঞ্চলের ন্যাম্পো শিপইয়ার্ডে এই পরীক্ষা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্মিত চোয়ে হিয়ন নামের একটি যুদ্ধজাহাজ থেকে সমুদ্র-থেকে-ভূমিতে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। পরীক্ষার সময় কিম জং উন যুদ্ধজাহাজের সক্ষমতা পর্যবেক্ষণ করেন এবং এটিকে উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং সম্পন্ন হয়। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার ‘মূল অংশ’ হিসেবে বর্ণনা করেন এবং এটিকে উত্তর কোরিয়ার ‘নৌ প্রতিরক্ষার নতুন প্রতীক’ বলে উল্লেখ করেন।
এ সময় তিনি আরও নতুন যুদ্ধজাহাজ নির্মাণের আহ্বান জানান এবং বলেন, উত্তর কোরিয়ার নৌবাহিনী পারমাণবিক অস্ত্র গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। কিম জং উন বলেন, ভবিষ্যতে নৌবাহিনীর জলরেখার ওপর এবং নিচ থেকে আক্রমণের সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে।
টিএইচএ/
