মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য হামলার আশঙ্কায় কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে জরুরি সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দূতাবাস সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকি এড়াতেই দোহায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেখানে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
টিএইচএ/
