ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসরত নগরবাসীর নানাবিধ সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবের লক্ষ্যে ‘নাগরিক সেবা’ নামক একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। জামায়াত নেতারা জানান, একটি আধুনিক ও সেবাধর্মী নগরব্যবস্থাপনা গড়ে তুলতেই তাদের এই যুগান্তকারী পদক্ষেপ।
অ্যাপ উদ্বোধনকালে সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি ও নগর প্রশাসনকে দলীয়করণের কারণে ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় মশার উপদ্রব, জলাবদ্ধতা, যানজট ও রাস্তার খানাখন্দক সমস্যা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে জামায়াত নগরবাসীর সমস্যার সমাধানে সাধ্যমতো চেষ্টা করবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং জামায়াতের স্বেচ্ছাসেবী টিম তা নিরসনে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াত ইতিমধ্যে স্বাস্থ্যসেবা ও ১০টি আধুনিক অ্যাম্বুলেন্সের মাধ্যমে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে এবং প্রায় অর্ধশত হাসপাতালের সঙ্গে তাদের স্বাস্থ্যচুক্তি রয়েছে।
অনুষ্ঠানে বেকারত্ব দূরীকরণে জামায়াতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জানানো হয়, প্রান্তিক মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জাকাতভিত্তিক ‘কর্জে হাসানা’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিএনসিসি এলাকায় দলটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, গত সংসদ নির্বাচনে চারটি আসনে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আগামী দিনে এমন ব্যক্তিকেই ডিএনসিসির মেয়রের দায়িত্ব নিতে হবে, যিনি জনগণের জানমালের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবেন। অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএইচএ/
