মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে বর্তমান তরুণ নেতৃত্বকে দমন করার অপচেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে বিপ্লবের অগ্রসেনানীদের বিরুদ্ধে এ ধরনের আইনি ও রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা জানান তিনি।
বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের একটি অপচেষ্টা চালানো হয়েছে। যদিও আদালত মামলাটি গ্রহণ করেনি, তবে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন হীন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও অত্যন্ত নিন্দনীয়। তিনি মনে করেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং এটি জুলাই বিপ্লবের চেতনা, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
বিরোধী দলীয় চিফ হুইপ আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা স্পষ্টতই প্রমাণ করে যে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো পর্দার আড়ালে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা রাজপথে বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদের মামলার ভয় দেখিয়ে কক্ষচ্যুত করা সম্ভব নয়।
টিএইচএ/
