আমিরাত নিয়ে স্পর্শকাতর ভিডিও প্রকাশের দায়ে এক বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার

by Fatih Work

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও এআই (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি বানোয়াট ভিডিও ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইরান, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, মিশর, নেপাল, ক্যামেরুন এবং ভারতের নাগরিকও রয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত নজরদারির ভিত্তিতে এই অসাধু চক্রটিকে চিহ্নিত করার পর দ্রুত তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে বলে দেশটির পাবলিক প্রসিকিউশন নিশ্চিত করেছে।

তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্তরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) হামলা ঠেকিয়ে দিচ্ছে, এমন বাস্তব ফুটেজ ব্যবহার করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা কিছু বানোয়াট ভিডিও প্রচার করছিল। এসব ভিডিওতে আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, হামলা এবং অগ্নিকাণ্ডের মিথ্যা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া শিশুদের আবেগ নিয়ে খেলা করা এবং বিদেশের কোনো সংঘাতের ভিডিওকে আমিরাতের অভ্যন্তরীণ ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল জনমতকে বিভ্রান্ত করা, জাতীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা নষ্ট করা এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে দেওয়া।

বিজ্ঞাপন
banner

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি এক বিবৃতিতে জানিয়েছেন, এ ধরনের কাজ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। দেশটির আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো এবং জননিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টির দায়ে দোষীদের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো কাজে আধুনিক প্রযুক্তির অপব্যবহার সহ্য করা হবে না। বিশেষ করে দেশের স্পর্শকাতর প্রতিরক্ষা সক্ষমতা ফাঁস বা বিকৃত তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222