স্টেশনে ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি করে কেউ ভেতরে, আবার অনেকে মই বা জানালা বেয়ে উঠে পড়ছে ছাদে। পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনের জন্য ঝুঁকি নিয়ে এমন বাড়ি ফেরার দৃশ্য আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের। ছবি: আজকের পত্রিকা
পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও সড়কপথের পাশাপাশি রেলপথে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যে যার মতো হুড়োহুড়ি করে প্রতিটি ট্রেনের ছাদে, এমনকি ইঞ্জিনের ওপর উঠছে। মই বেয়ে উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল পৌনে ৭টার দিকে দেওয়ানগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর মই বেয়ে ঝুঁকি নিয়ে উঠছে নারী-পুরুষ। হাজার হাজার ঘরমুখী মানুষের ভিড়ে ট্রেন পর্যন্ত দেখা যায় না। দরজা বন্ধ বগিতে যাত্রীদের দাঁড়িয়ে রওনা করতে দেখা যায়। শত শত নারী-পুরুষ ও শিশুদের ছাদের ওপর গাদাগাদি করে বসতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এনআর/
