স্বাধীনতার দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন চরমোনাই পীর ও আমীরে মজলিস

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মহান মুক্তিযুদ্ধের শহীদ ও হতাহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে স্বাধীনতা দিবসের চেতনাকে সামনে রেখে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার (২৫ মার্চ) এক পৃথক বিবৃতিতে এসব বলেন তারা।

পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হয়। রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে কেবল ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিনত হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর কালেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহবান করবো যে, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন।

একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকও দেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও সাধারণ মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। দেশের জনগণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের স্বপ্ন দেখেছিল, কিন্তু তা আজও পূর্ণ বাস্তবায়িত হয়নি।’

মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়ার আশা নিয়ে আন্দোলন করেছে। তবে প্রতিটি আন্দোলনের পর ক্ষমতাসীন স্বার্থনির্ভর গোষ্ঠী জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল ‘জুলাই সনদ’। সেই সনদ বাস্তবায়নের জন্য বারবার দাবি জানানো হলেও গণভোট ও নির্বাচনের সমন্বয় করা হয়নি। বর্তমানে সরকার গণভোটের রায় বাস্তবায়নে নানা ধরনের টালবাহানা করছে, যার ফলে দেশের মানুষ আবারও স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছে।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222