রায়পুরায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে জমকালো সংবর্ধনা

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে রায়পুরা শ্রীরামপুর অডিটরিয়ামে সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন ‘এক্সসাস’-এর উদ্যোগে এই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুরা এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিসহ সকল প্রকার নৈরাজ্য বন্ধে সাহসী ভূমিকা রাখা এবং বিশেষ করে রায়পুরা পৌরসভা ও মেঘনা নদীর নৌকা পারাপারে ইজারা বা ‘ঢোল’ মুক্ত করে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) এবং এক্সসাস-এর সভাপতি মো. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও এক্সসাস-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলেমান মিয়া এবং সমন্বয়ক কাজী আসাদুর রহমান মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. মাসুদ রানা, রায়পুরা-বেলাবো সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এবং শিবপুর আসাদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরা উপজেলাবাসীর সামগ্রিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে রায়পুরা থেকে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রায়পুরার প্রতিটি এলাকায় পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে আমি স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেরাজনগর স্কুলের প্রধান শিক্ষক সোহরাব হোসেন এবং রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222