জয়পুরহাট সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি ও জনতা

by Abid vs36

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্তে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে তাকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠিয়েছে।

আজ রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর উপপিলার এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই বৃদ্ধ এখনো সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

বিজ্ঞাপন
banner

সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে ডোবার পাড়ে ওই বৃদ্ধ একা বসে ছিলেন। বিএসএফের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত তৎপরতা ও পুনরায় পুশইনের চেষ্টা রুখে দিতে বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে স্থানীয় বিপুলসংখ্যক গ্রামবাসীও সীমান্তে জড়ো হয়েছেন। অন্যদিকে ভারতীয় সীমান্তের ভেতরে সশস্ত্র অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বিএসএফ সদস্যদের। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সীমান্তসংলগ্ন মাঠের কৃষকেরা জানান, সকালে তারা যখন সীমান্তের জমিতে কাজ করছিলেন, তখন ওই বৃদ্ধ ভারতের দিক থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতরে চলে আসেন এবং তাদের কাছে এসে তীব্র আকুতি জানিয়ে খাবার ও পানি চান।

জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ নিজেকে ভারতের নাগরিক হিসেবে পরিচয় দেন। তিনি কৃষকদের জানান, ভোরের দিকে বিএসএফের জোয়ানেরা তাকে জোরপূর্বক তাড়িয়ে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় কৃষকেরা তাৎক্ষণিকভাবে হাটখোলা বিজিবি ক্যাম্পের টহল দলকে খবর দেন। হাটখোলা গ্রামের বাসিন্দা বাবু হোসেন জানান, বৃদ্ধ লোকটি প্রচণ্ড তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন। তিনি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে পানি খেতে চাইলে মানবিক কারণে গ্রামবাসীরা তাকে পানি পান করান। এরপর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে পুনরায় ভারতীয় সীমান্তের ভেতরে ফেরত পাঠায়। কিন্তু বিএসএফ সদস্যরা তাকে তাদের ক্যাম্পে বা ভেতরে নিয়ে না গিয়ে উল্টো সীমান্ত রেখার শূন্যস্থানে জোরপূর্বক বসিয়ে রাখে।

সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে দায়িত্বরত বিজিবির নায়েক সুবেদার মাহবুবুর রহমান জানান, সকালে বিএসএফের পক্ষ থেকে এক বৃদ্ধ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা চালানো হয়েছিল। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে তাকে সফলভাবে পুশব্যাক করেছে। বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আটক হওয়া ওই বৃদ্ধ মূলত ভারতেরই নাগরিক। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিএসএফের সঙ্গে এই বিষয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও সীমান্ত সূত্রে জানা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222