দুর্নীতির মামলায় পলাতক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ রবিবার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এই তথ্য জানানো হয়।
অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে আনুষ্ঠানিকভাবে জানান যে, দুর্নীতির মামলায় দীর্ঘদিন পলাতক থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর সংসদ অধিবেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে স্পিকারের অনুমতি নিয়ে সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই পদক্ষেপকে স্বাগত জানান। তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের মতো একটি সাহসী ও দৃষ্টান্তমূলক অভিযান সফল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিরোধীদলীয় উপনেতা তার বক্তব্যে বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঘটনার মধ্য দিয়ে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টিএইচএ/
