লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। সোমবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় অবস্থিত শান্তিরক্ষীদের ওই ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইসরায়েল। এতে সেখানে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ জানিয়েছে, হামলার পর ওই এলাকায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলার পরপরই গুরুতর আহতদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইউএনআইএফআইএল এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় একজন শান্তিরক্ষী নিহত হওয়ার পাশাপাশি আরেকজন শান্তিরক্ষীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শান্তিরক্ষীদের ওপর এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর পৃথক একটি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বৃদ্ধি পাওয়ায় ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। শান্তিরক্ষীদের ওপর হামলার বিষয়ে জাতিসংঘ বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
টিএইচএ/
