বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন। দলটির আদর্শিক ধারাবাহিকতা ও অবস্থান পরিবর্তনের বিষয়টিকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেছেন যে, বিএনপি সবচেয়ে বেশি ‘পানি ঘোলা করে পান করে’।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির দীর্ঘ তিন দশকের রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে এই প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে মামুনুল হক ১৯৯১ সালের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে উল্লেখ করেন, ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি। অথচ রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে পরবর্তী সময়ে এই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করতে বাধ্য হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, গত এক দশকে অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেই একই দল আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রাজপথে সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করছে। এই পরস্পরবিরোধী অবস্থানকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন, রাজনীতিতে কি এখন নীতির চেয়ে কৌশলেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে?
পোস্টের শেষাংশে মাওলানা মামুনুল হক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, যারা বারবার নিজেদের অবস্থান বদলায়, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা চালায়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দলের এমন নীতিগত পরিবর্তন জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে জনমত যাচাইয়েরও আহ্বান জানান তিনি।
টিএইচএ/
