কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে অ্যাডভোকেট আব্দুল মজিদ এই নোটিশ পাঠান। নোটিশে আগামী সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ অথবা তাদের আইনের আওতায় সোপর্দ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরে আয়োজিত একটি ইফতার মাহফিলে এমপি আমির হামজার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেদিন তিনি প্রকাশ্য সভায় দাবি করেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প নিয়ে গত তিন দিনে তাকে ৫০ কোটি টাকার ওপর ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছিলেন, ৫০ কোটি কেন, ১০০ কোটি টাকা দিয়ে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তিনি নিজের নৈতিক অবস্থান থেকে একচুল নড়বেন না। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং ঘুষদাতাদের পরিচয় জানার দাবি ওঠে।
নোটিশদাতা হৃদয় হাসান জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সাধারণ মানুষ দীর্ঘদিনের ভোগান্তিতে আছে। এই জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে এবং কারা বিপুল পরিমাণ অর্থের প্রলোভন দেখাচ্ছে, তা সাধারণ মানুষের জানার অধিকার আছে। নাম গোপন রাখা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার শামিল বলেও নোটিশে উল্লেখ করা হয়। এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য-সচিব জাকির হোসাইন সরকার বিষয়টিকে একটি ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে অভিহিত করে অবিলম্বে অপরাধীদের নাম প্রকাশের দাবি জানান।
টিএইচএ/
