ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দাবি করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
হুথিদের দাবি অনুযায়ী, হামলায় বিমানবন্দরের ‘গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা’ লক্ষ্যবস্তু করা হয়। কিছু প্রতিবেদনে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
যদিও এ হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিরাপত্তাজনিত কারণে বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের সমন্বিত হামলার দাবি অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
অন্যদিকে, ইরানে নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে পড়ে। পরে ইরানের হাতে পড়ার আশঙ্কায় মার্কিন বাহিনী নিজ উদ্যোগে বিমান দুটি ধ্বংস করে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আঞ্চলিক সংঘাত বৃহত্তর আন্তর্জাতিক রূপ নেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।
হাআমা/
