ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থল থেকে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, ১৬ এপ্রিল সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারের লেজ অংশ বলে ধারণা করা ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন।
উদ্ধারকর্মীরা, সামরিক ও পুলিশ সদস্যদের সহায়তায়, শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। উদ্ধার হওয়া হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার এবং এলাকাটি চিত্রা মাহকোটা নামের একটি পাম তেল কোম্পানির মালিকানাধীন ছিল। তথ্য সূত্র: আনাদুলু এজেন্সি
হাআমা/
