আন্তর্জাতিক ডেস্ক :: ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের এক সেনা নিহত হয়েছে। একই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন বলে জানায় তারা। এ খবর দিয়েছে অনলাইন ডন। ইসরাইলি সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ২৯ বছর বয়সী মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলিন ‘সম্মুখ সমরে নিহত’ হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় একজন কর্মকর্তা, একজন রিজার্ভ কর্মকর্তা এবং একজন রিজার্ভ সেনা মাঝারি মাত্রায় আহত হন।
সেনাবাহিনী আরও জানায়, একজন কমব্যাট নন-কমিশন্ড কর্মকর্তা, দুজন রিজার্ভ সেনা এবং একজন নারী রিজার্ভ সেনা সামান্য আহত হন। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পরও ইসরাইল লেবাননে হামলা চালানো বন্ধ করেনি। চুক্তিতে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে জোর দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানান। তবে এর পরও ইসরাইল বাহিনী সীমিত মাত্রায় হামালা চালানো অব্যাহত রাখে।
