ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমে গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে।
ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেশটিকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের প্রণালী পুরোপুরি উন্মুক্ত এবং যাতায়াতের জন্য প্রস্তুত। ধন্যবাদ!
তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার একটি প্রধান শর্ত ছিল। ইরান এর আগে গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রণালীটি প্রায় বন্ধই রেখেছিল।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। দীর্ঘ উত্তেজনার পর এই প্রণালী খুলে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফেরার আশা করা হচ্ছে। সূত্র : বিবিসি, আলজাজিরা
হাআমা/
