নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাইয়্যিদ সাইদউদ্দীন আহমদ হানজালা এমপি বলেছেন, আমি একটি সত্য বলবার জন্য দাঁড়িয়েছি। আমরা বলেছিলাম ইনসাফ প্রতিষ্ঠা করবো, ন্যায় প্রতিষ্ঠা করবো, আমাদের কথা জনতা বিশ্বাস করেছিল, শিবচরের মানুষ আমাকে বিশ্বাস করেছে। আল্লামা মামুনুল হক আমার উপর আস্থা রেখেছেন। আমি সংসদে গিয়েছি। ক্ষমতার মসনদে বসবার জন্য সংসদে যাইনি। জনতার জন্য কথা বলতে সংসদে গিয়েছি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকালে সোহরাওয়ার্দী ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে মাওলানা সাইয়্যিদ সাইদউদ্দীন আহমদ হানজালা এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে সুতরাং এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা চাই, গণভোটের রায়ের পক্ষে সরকার কাজ করবে। না হলে জনগণ এর জবাব দেবে।
মাওলানা সাইয়্যিদ সাইদউদ্দীন আহমদ হানজালা এমপি রাজপথের জন্য ডাক এলে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
এদিকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে গণসমাবেশ শুরু হয় জুমার পর। শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টায় সমাবেশটি শুরু হয়।
দলটির আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চিফ হুইপ, ১১-দলীয় জোটের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সেখানেই তারা জুমার নামাজ আদায় করেন। বিকেল পর্যন্ত সমাবেশ চলার কথা রয়েছে।
সমাবেশে আরও উপস্থিত আছেন, জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, শায়খুল হাদীস মাওলানা আলী উসমান, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী কাসেমী, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আব্দুল আজিজ, ময়মনসিংহ-২ এর সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ প্রমুখ।
বন্ধুপ্রতিম সংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
