পুরানো অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে মেটা কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বর মাস থেকে ১০ বা ১২ বছরের পুরানো অনেক অ্যান্ড্রয়েড মডেলে আর জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুরানো অপারেটিং সিস্টেমগুলোর জন্য তাদের কারিগরি সাপোর্ট বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
কোন ফোনগুলো ঝুঁকিতে আছে?
প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের সব অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। বিশেষ করে যে স্মার্টফোনগুলো বর্তমানে অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সনে চলছে, সেগুলোতে অ্যাপটি আর কাজ করবে না। এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ পুরানো অ্যান্ড্রয়েড সেট অকেজো হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
কেন এই সিদ্ধান্ত?
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটির ইউজার ইন্টারফেস, নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন ফিচারগুলো নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে মেটা প্ল্যাটফর্মস কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–নির্ভর যেসব উন্নত ফিচার যুক্ত করছে, তা চালানোর জন্য শক্তিশালী হার্ডওয়্যার প্রয়োজন। পুরানো ফোনগুলোর সক্ষমতা কম হওয়ায় ব্যবহারকারীদের নিরাপত্তা ও পারফরম্যান্স নিশ্চিত করতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবহারকারীদের করণীয়
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যারা এখনো অ্যান্ড্রয়েড ৫ বা এর আগের ভার্সনের ডিভাইস ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। ৮ সেপ্টেম্বরের আগেই গুরুত্বপূর্ণ চ্যাট, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিয়ে নতুন ডিভাইসে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর পুরানো ডিভাইসে থাকা সব চ্যাট হিস্ট্রি ও মিডিয়া ফাইল হারিয়ে যেতে পারে। এরপর থেকে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী ভার্সনগুলোতে সক্রিয় থাকবে।
টিএইচএ/
