কত তাপমাত্রায় এসি চালালে সাশ্রয় হবে বিদ্যুৎ বিল

by Abid

প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবনে স্বস্তি পেতে এসির ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে। তবে মাস শেষে বিদ্যুৎ বিলের দিকে তাকালে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। এসির বিদ্যুৎ বিল কেমন হবে তা মূলত নির্ভর করে সেটি কত তাপমাত্রায় চালানো হচ্ছে তার ওপর। সামান্য সচেতন হয়ে অংক কষে এসি চালালে আরামের পাশাপাশি বিদ্যুৎ বিলে বড় ধরনের সাশ্রয় করা সম্ভব।

প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, এসির তাপমাত্রা ১৮ ডিগ্রিতে সেট করা থাকলে ঘরের পরিবেশ দ্রুত ঠান্ডা করার জন্য এর কম্প্রেসারকে দীর্ঘ সময় কাজ করতে হয়। এতে বিদ্যুতের ব্যবহার কয়েকগুণ বেড়ে যায়। বিপরীতে, তাপমাত্রা ২৪ ডিগ্রিতে সেট করা হলে কম্প্রেসার তুলনামূলক কম সময় চলে, যা সরাসরি বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে। একটি হিসাব অনুযায়ী, ১৮ ডিগ্রি তাপমাত্রায় প্রতিদিন গড়ে ১৩ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়। অন্যদিকে, ২৪ ডিগ্রি তাপমাত্রায় চালালে প্রতিদিন বিদ্যুৎ খরচ কমে দাঁড়ায় ১০.৫ কিলোওয়াট-ঘণ্টায়। যদি কেউ তাপমাত্রা আরও বাড়িয়ে ২৭ ডিগ্রিতে রাখেন, তবে প্রতিদিন মাত্র ৯ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হবে।

বিজ্ঞাপন
banner

গবেষণায় দেখা গেছে, এসির তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ানোর ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় প্রায় ৬ শতাংশ। তাই বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে এসির তাপমাত্রা ২৪ থেকে ২৭ ডিগ্রির মধ্যে নির্ধারণ করার পরামর্শ দিচ্ছেন প্রকৌশলীরা। এছাড়া এসির কুলিং বা শীতলীকরণ প্রক্রিয়া দ্রুত করতে এসি চালানোর পাশাপাশি মৃদু গতিতে সিলিং ফ্যান ব্যবহার করা কার্যকর হতে পারে। এতে ঘরের ঠান্ডা বাতাস চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং এসির ওপর চাপ কম থাকে।

বিদ্যুৎ সাশ্রয়ে আরও কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। বিশেষ করে রাতে এসি চালানোর সময় টাইমার সেট করে রাখা বুদ্ধিমানের কাজ। এতে ঘর পর্যাপ্ত ঠান্ডা হওয়ার পর এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া ঘরের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা এবং পর্দা ব্যবহার করা জরুরি, যাতে বাইরের গরম বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতরের ঠান্ডা বাতাস বাইরে বের হতে না পারে। এই ছোটখাটো নিয়মগুলো মেনে চললে আরামদায়ক ঘুমের পাশাপাশি পকেটও থাকবে সুরক্ষিত।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222