সাইবার হামলা ঠেকাতে যুক্তরাজ্যের নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

by Masudul Kadir

সাইবার নিরাপত্তা জোরদারে নতুন একটি হার্ডওয়্যারভিত্তিক ডিভাইস উন্মোচন করেছে যুক্তরাজ্যের সাইবার গোয়েন্দা সংস্থা। ‘সাইলেন্টগ্লাস’ নামের এই গ্যাজেটটি ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) তাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) মাধ্যমে ডিভাইসটি চালু করেছে। সংস্থাটির দাবি, এটি ডিসপ্লে ও কম্পিউটারের মধ্যকার ক্ষতিকর বা সন্দেহজনক ট্রাফিক শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম। সরকারি সম্পদ সুরক্ষার উদ্দেশ্যে তৈরি এই প্লাগ-অ্যান্ড-প্লে ডিভাইসটি ইতোমধ্যে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবহারের জন্য অনুমোদন’ পেয়েছে।

বিজ্ঞাপন
banner

ডিভাইসটির ডিজাইনের লাইসেন্স পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গোল্ডিলক ল্যাবস। প্রতিষ্ঠানটি সাইবার হামলার সময় স্বয়ংক্রিয়ভাবে ভৌত সংযোগ বিচ্ছিন্ন করে নেটওয়ার্কের ক্ষতি সীমিত করার প্রযুক্তি তৈরিতে বিশেষজ্ঞ। পণ্যটি বৈশ্বিক বাজারে সহজলভ্য করতে তারা সনি ইউকে টেকনোলজি সেন্টারের সঙ্গে অংশীদারত্ব করেছে। তবে এখনো এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।

সাইলেন্টগ্লাস প্রচলিত অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো কাজ করে না। এটি সরাসরি হার্ডওয়্যার পর্যায়ে সুরক্ষা দেয়। কম্পিউটার ও মনিটরের মাঝখানে সংযুক্ত হয়ে এইচডিএমআই ও ডিসপ্লে পোর্টের মাধ্যমে আসা ক্ষতিকর ট্রাফিক ব্লক করে ডিভাইসটি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষ মনে করেন ই-মেইল, ফাইল বা ওয়েবসাইটের মাধ্যমেই সাইবার হামলা হয়ে থাকে। কিন্তু বর্তমানে হার্ডওয়্যার সংযোগও হ্যাকিংয়ের ঝুঁকিপূর্ণ পথ হয়ে উঠছে। আধুনিক মনিটর ও ডিসপ্লে সিস্টেমে থাকা ফার্মওয়্যার, ইউএসবি হাব ও বিভিন্ন যোগাযোগ চ্যানেল অপব্যবহার করে হ্যাকাররা হামলা চালাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মনিটর সরাসরি সংবেদনশীল সিস্টেম ও গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে যুক্ত থাকায় এগুলো এখন হ্যাকারদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সাইলেন্টগ্লাস অননুমোদিত বা অপ্রত্যাশিত যোগাযোগ বন্ধ করে স্ক্রিন ও কম্পিউটারের মধ্যকার নিরাপত্তা নিশ্চিত করে। ব্যবহারকারীরা জটিল কোনো সেটআপ ছাড়াই সহজে এটি ব্যবহার করতে পারবেন।

দেখতে সাধারণ অ্যাডাপ্টরের মতো হলেও ডিভাইসটির অভ্যন্তরীণ প্রযুক্তি হার্ডওয়্যার নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এটি মূলত ডিসপ্লে সংযোগের জন্য একটি ‘ডেটা ফায়ারওয়াল’ হিসেবে কাজ করে। কোন ধরনের ট্রাফিক মনিটর ও কম্পিউটারের মধ্যে চলাচল করবে, তা নিয়ন্ত্রণ ও ফিল্টার করতে সক্ষম এই ডিভাইস।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222