ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার করল বিএসইসি

by Abid vs36

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেনের ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য স্তর প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৮ জুন) বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে জারি করা এক জরুরি আদেশে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এই নতুন নির্দেশনাটি আগামীকাল মঙ্গলবার (৯ জুন) থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একযোগে কার্যকর হবে।

বিজ্ঞাপন
banner

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, সিকিউরিটিজ বাজারের সামগ্রিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এবং শেয়ারের স্বাভাবিক মূল্য ওঠানামা নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২০এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই নতুন নির্দেশনা জারি করেছে। এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট এক আদেশের মাধ্যমে ইসলামী ব্যাংক এবং বেক্সিমকোর শেয়ার লেনদেনের ওপর ফ্লোর প্রাইস ও কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছিল তৎকালীন কমিশন। নতুন নির্দেশনায় পূর্বের সেই বিতর্কিত আদেশটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হলো।

আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যান্য সকল সিকিউরিটিজের মতো এই দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ২০২১ সালের ১৭ জুনের আদেশ অনুযায়ী নির্ধারিত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা বা প্রাইস লিমিট যথারীতি প্রযোজ্য থাকবে। বাজার সংশ্লিষ্ট ও সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা শেয়ার দুটির লেনদেনে যেমন নতুন করে গতি ফিরবে, তেমনি সামগ্রিক পুঁজিবাজারে চলমান তারল্য সংকট কাটাতেও এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। উল্লেখ্য, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ বেক্সিমকো লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ছিল ১১০ টাকা এবং ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222