দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকারও বেশি। মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে খেলাপি ঋণের এই চমত্কার ও উদ্বেগজনক চিত্র সামনে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৬ হাজার ৫১৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে সুশাসনের অভাব, ঋণ বিতরণে অনিয়ম এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে সময়মতো টাকা আদায় করতে না পারার কারণেই খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের নানা ছাড় ও নীতিমালার পরেও খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করা যাচ্ছে না, যা পুরো আর্থিক খাতের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। খেলাপি ঋণের এই লাগামহীন বৃদ্ধি ঠেকাতে ব্যাংকিং খাতে কঠোর তদারকি ও আইনি ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
টিএইচএ/
