ভোরের টানা বৃষ্টিতে নাজেহাল ঢাকাবাসী

by Abid

শুক্রবার ভোরে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোর ৫টা থেকে শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলা এই বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলো তলিয়ে যায়। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বা প্রাত্যহিক কাজে ঘর থেকে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, নিউমার্কেট, গ্রিনরোড, পান্থপথ, কারওয়ান বাজার, ঝিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে আছে। ফুটপাত ছাড়িয়ে প্রধান সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় পথচারীরা বাধ্য হয়ে ড্রেনের নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে পৌঁছাচ্ছেন। ভুক্তভোগী নগরবাসীর মতে, জলাবদ্ধতার এই ভোগান্তি দীর্ঘদিনের। ঢাকার খাল ও প্রাকৃতিক জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামার পথ রুদ্ধ হয়ে পড়েছে। এই সমস্যার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন
banner

আরামবাগ এলাকায় বসবাসকারী বেসরকারি চাকরিজীবী মো. হাসানুর রহমান জানান, ছুটির দিন হওয়ায় কাঁচাবাজার করতে বের হয়ে দেখেন রাস্তাঘাট সব পানির নিচে। ড্রেনের নোংরা পানি মাড়িয়ে হাঁটতে হওয়ায় তিনি চরম স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। অন্যদিকে মিরপুরের গৃহিণী সালমা আক্তার বলেন, সামান্য বৃষ্টিতেই মিরপুরের রাস্তা নদীর রূপ নেয়। প্রধান সড়ক থেকে শুরু করে গলিগুলোতেও কোমরপানি জমে যায়। খাল ভরাট করে ইমারত নির্মাণ ও নিয়মিত ড্রেন পরিষ্কার না করাকেই এই দুর্গতির প্রধান কারণ হিসেবে দুষছেন তিনি। এছাড়া সিএনজিচালক শাহিন আলম জানান, জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পানির নিচে খানাখন্দ ঢাকা পড়ায় অনেক সময় গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। ভোরের কয়েক ঘণ্টার বৃষ্টিতেই এমন পরিস্থিতি হলে সারাদিনের বৃষ্টিতে ঢাকা অচল হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222