নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্র সরকার ৩ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকার বেশি) মূল্যের যক্ষ্মা প্রতিরোধী ওষুধ এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর দিয়েছে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে। এই অনুদানের মধ্যে রয়েছে— ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ: যক্ষ্মা দ্রুত ও নির্ভুলভাবে নির্ণয়ের জন্য এবং শিশুদের জন্য যক্ষ্মা ওষুধ: ১১,০০০ কোর্স পেডিয়াট্রিক টিবি ওষুধ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, যক্ষ্মা শনাক্তকরণে ব্যবহারের জন্য ‘জিনএক্সপার্ট কার্টিজ’ এবং শিশুদের জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে।
ওষুধ ও সরঞ্জাম হস্তান্তর শেষে স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তারা চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং যক্ষ্মা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং টিবি হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
