যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪১

গত ২৪ ঘণ্টায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে

by Fatih Work

দুই সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি আবারো লঙ্ঘন করে দক্ষিণ লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (২ মে) দিনভর চালানো এই হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে এ পর্যন্ত ২ হাজার ৬৫৯ জন নিহত এবং ৮ হাজার ১৮৩ জন আহত হয়েছেন। যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতার কারণে এ পর্যন্ত লেবাননের ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিহ জেলার শুকাইন শহরে ইসরায়েলি হামলায় তিনজন এবং লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। এছাড়া কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে ড্রোন হামলায় দুজন এবং শুকাইন গ্রামে পৃথক আরেকটি হামলায় আরও দুজন নিহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নাবাতিহ শহরের আল-কুদস চত্বরের কাছে এবং তাইরে জেলার সিদ্দিকিন শহরেও বোমা বর্ষণ করেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে, তবে হতাহতদের একটি বড় অংশই সাধারণ নাগরিক। ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ এপ্রিল থেকে ঘোষিত যুদ্ধবিরতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত বর্ধিত করা হলেও ইসরায়েল ক্রমাগত তা লঙ্ঘন করে চলেছে।

এদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ফ্রন্টলাইন শহরগুলোতে অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের জমায়েত লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। বিনত জবেলের মুসা আব্বাস কমপ্লেক্স এবং হুলা গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের ওপর কামানের গোলা বর্ষণ করা হয়েছে। এছাড়া বিয়াদাতে ড্রোন ব্যবহার করে হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ফাইবার-অপটিক তার নিয়ন্ত্রিত আধুনিক ড্রোন ব্যবহার করে তেইবেহ শহরে একটি হামভি ট্রাক এবং রিশাফে একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে, যাতে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222