রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (০৩ মে) সকাল সাড়ে ১০টায় তিনি এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধন করেন। মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী এই সভা চলবে আগামী চার দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের জনমুখী হয়ে কাজ করার বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। সকাল ১০টা ২০ মিনিটে তিনি সচিবালয়ের নিজ দফতর থেকে বেরিয়ে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর এই পদযাত্রা চলাকালীন রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে ব্যাপক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিকতার সাথে হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপ্রধানের এই সাধারণ জীবনযাপন ও জনগণের কাছাকাছি আসার ভঙ্গি উপস্থিত জনতাকে অভিভূত করে।
উদ্বোধনী অধিবেশন শেষে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তার কর্মপরিকল্পনা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এবারের ডিসি সম্মেলনে দেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারের সেবাগুলো সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চার দিনের এই সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবগণ বিভিন্ন কর্মঅধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং নিজ নিজ জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
টিএইচএ/
