নিজস্ব প্রতিবেদন: যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থ (Handsworth) থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিস নেতা ব্রিটিশ-বাংলাদেশি আলহাজ্ব এনামুর রহমান।
আগামী ৭ মে বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনামুর রহমান বার্মিংহামের অন্যতম পরিচিত মুখ এবং সেখানকার বিখ্যাত মসজিদে বেলালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তিনি যুক্তরাজ্য নর্থ খেলাফত মজলিসের সহ-সভাপতি এবং এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউরোপের বৃহৎ সিটি কাউন্সিল হিসেবে পরিচিত বার্মিংহাম শহর বর্তমানে আবাসন সংকট, পরিচ্ছন্নতা ও বাজেট ঘাটতিসহ নানাবিধ নাগরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে হ্যান্ডসওয়ার্থ ওয়ার্ডটি মিশ্র জনগোষ্ঠীর এলাকা হওয়ায় এখানে সামাজিক সংহতি এবং স্থানীয় উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রচারণায় আলহাজ্ব এনামুর রহমান হ্যান্ডসওয়ার্থ এলাকার বহুমুখী সমস্যা নিরসন এবং মিক্সড কমিউনিটির মধ্যকার নাগরিক সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছেন। তাঁর এই অংশগ্রহণ স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
বিগত কয়েক সপ্তাহ ধরে তিনি হ্যান্ডসওয়ার্থের বিভিন্ন প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। স্থানীয় ভোটারদের মতে, একজন অভিজ্ঞ কমিউনিটি নেতা হিসেবে এনামুর রহমান নির্বাচিত হলে হ্যান্ডসওয়ার্থের বঞ্চিত মানুষের দাবি আদায় এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তিনি কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। বার্মিংহামের স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
টিএইচএ/
