কী আছে হাইয়াতুল উলইয়ার প্রেস রিলিজে

শিক্ষা মন্ত্রণালয় ও হাইয়াতুল উলইয়া সভা অনুষ্ঠিত

by naymurbd1999@gmail.com

১। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত আজ বুধবার, ৬ মে ২০২৬ তারিখ অনুষ্ঠিত সভায় (ক) ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে এবং (খ) ‘ইবতেদায়ি ক্বারী’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় ‘দাওরায়ে হাদীস’কে অন্তর্ভুক্ত করা হয়। দেশের আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ ও ‘ইবতেদায়ি ক্বারী’ পদে ১৩ হাজারের বেশি সংখ্যক সহকারী মৌলভী’ ও ‘ইবতেদায়ি ক্বারী’ নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ‘সহকারী মৌলভী’ পদের বেতন গ্রেড হবে ১০ এবং ‘ইবতেদায়ি ক্বারী’ পদের বেতন গ্রেড হবে ১৬।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে মুহতারাম কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডসমূহের প্রতিনিধিসহ ৭ জনের একটি দল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত আজকের সভায় যোগদান করেন।

বিজ্ঞাপন
banner

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে এবং ‘ইবতেদায়ি ক্বারী’ পদে নিয়োগের জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদীসের সনদ এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের ‘ইলমে কেরাত’ বা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ নিয়োগ আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

হাইয়াতুল উলইয়া প্রচারিত প্রেস রিলিজ

২। সভায় সচিব মহোদয়ের পক্ষ হতে জানানো হয়, শীঘ্রই সারাদেশের স্কুল, আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের জন্য, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ হতে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করা হবে। এ প্রতিযোগিতার শ্লোগান হবে ‘কুরআন পড়, জীবন গড়।’ জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিচারক হিসাবে অভিজ্ঞ হাফেজে কুরআন ও ক্বারী আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

৩। সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হলে বোর্ডসমূহের প্রতিনিধিগণের পক্ষে মাও্রলানা মাহফুজুল হক জানান, বোর্ডসমূহের পক্ষ হতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং এ প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে।

৪। সভায় কোন কওমি মাদরাসা সম্পর্কে অভিযোগ উত্থাপিত হলে তা সমাধানের বোর্ড কর্তৃক কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাওয়া হলে আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডসমূহের প্রতিনিধিগণ জানান, বোর্ডসমূহের পক্ষ হতে থানা ও জেলা পর্যায়ে কমিটি আছে। কোন মাদরাসার ব্যাপারে অভিযোগ উত্থাপিত হলে বা পাওয়া গেলে তা তদন্ত করা হয় এবং তদন্ত রিপোর্ট অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভার পক্ষ হতে এ ব্যবস্থা আরো জোরালো করার আহ্বান জানানো হয়। মাদ্রাসা বা কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিডিয়া ট্রায়াল হলে কিংবা কোন আলেম বা মাদ্রাসা শত্রুতামূলক অপবাদের স্বীকার হলে এর শক্ত প্রতিবাদ ও আইনী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। এ জন্য স্যোশাল মিডিয়ায় কওমি আলেমদের ও বোর্ডসমূহের শক্ত অবস্থান গড়ে তোলার কথাও বলা হয়।

৫। সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে অনলাইনে MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদীসের সনদ সত্যায়নের জন্য আবেদন জানানো হয়। এ বিষয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়কে অনুরোধ পাঠানো হবে এবং শীঘ্রই তা বাস্তবায়িত হবে মর্মে সচিব মহোদয় আশ্বাস প্রদান করেন।

সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পক্ষ থেকে মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর পক্ষ হতে চেয়ারম্যান মাওলানা মুফতি রুহুল আমীন, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর পক্ষে মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর পক্ষে সহকারী মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর পক্ষে মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মুঃ অছিউর রহমান অংশগ্রহণ করেন।

  -প্রেস রিলিজ

এমকে/36news

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222