কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের কাছে ৬ দাবি

by hsnalmahmud@gmail.com

কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ ও চামড়া শিল্প রক্ষার দাবিতে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ মে বিকাল ৩টায়) রাজধানী ঢাকার তোপখানা রোডে ‘শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স মিলনায়তনে’ এ সভার আয়োজন করে ‘চামড়া শিল্প রক্ষা কমিটি’।

বিজ্ঞাপন
banner

সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও চামড়া শিল্প রক্ষা কমিটির আহ্বায়ক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মুফতী আফজাল হুসাইন।

মতবিনিময় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা মীর ইদরীস, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ড. শোআইব আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা মুফতি জোবায়ের গণী, মুফতি ইমরানুল বারি সিরাজী, ডঃ শহীদুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা তাওহিদুল হক, মাওলানা আব্দুল্লাহ আল মাস‌উদ, এডভোকেট শফিকুর রহমান, মাওলানা মুফাজ্জল বিন মাহফুজ, মুফতি মাছুম বিল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, এডভোকেট মোস্তফা জামান ভুঁইয়া, জনাব আমির আলী হাওলাদার, আব্দুল্লাহ আল নোমান ও রাকিবুল হাসানসহ দেশের বিশিষ্ট আলেম, মুফতী, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আলোচকরা বলেন, দীর্ঘদিন ধরে কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় মৌসুমি ব্যবসায়ী, মাদরাসা-এতিমখানা ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্পও সংকটের মুখে। এ পরিস্থিতি উত্তরণে সরকারিভাবে কার্যকরী মূল্য নির্ধারণ, চামড়া সংরক্ষণে সহায়তা এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং কুরবানীর চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ ছাড়াও তারা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেন:

১. কুরবানীর পশুর চামড়ার সরকার নির্ধারিত ন্যূনতম ন্যায্যমূল্য বাস্তবায়নে কার্যকর মনিটরিং টিম গঠন করতে হবে।

২. এতিমখানা, মাদরাসা ও সাধারণ মানুষের কাছ থেকে চামড়া ক্রয়ে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৩. সারাদেশে পর্যাপ্ত লবণ সরবরাহ ও স্বল্পমূল্যে বিতরণের মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. ট্যানারি শিল্পের আধুনিকায়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

৫. চামড়া রপ্তানিতে বিদ্যমান জটিলতা কমিয়ে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

৬. চামড়া শিল্প রক্ষায় দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী, আলেম সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠন করতে হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222