রাজধানীর নারায়ণগঞ্জে কোরবানির চামড়া ইস্যুতে বৈঠক করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর শীর্ষ আলেমরা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ বৈঠকে দেশের কওমি অঙ্গনের উলামায়ে কেরাম চামড়ার ন্যায্যমূল্য, মাদরাসার অর্থনৈতিক সংকট এবং সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আলেমরা বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা সবসময় মাদরাসাকে ভালোবাসেন এবং আসন্ন কোরবানির চামড়ার অর্থ মাদরাসাগুলোতেই দেওয়ার আগ্রহ রাখেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামীতেও পরিচালিত হবে।
উলামায়ে কেরাম আরও বলেন, “আল্লাহ তাআলাই এই দ্বীনকে টিকিয়ে রাখবেন। দ্বীনের হেফাজত শুধু চামড়ার আয়ের ওপর নির্ভরশীল নয়।” তবে কওমি মাদরাসাগুলোর আর্থিক সহায়তার অন্যতম বড় উৎস হওয়ায় চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করা জরুরি বলেও মত দেন তারা।
বৈঠকে বক্তারা বলেন, বেফাকের পক্ষ থেকে যদি যৌথভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়, তাহলে সরকারেরও টনক নড়বে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির দিকে গুরুত্ব দেবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, উলামাদের অবস্থান ও বিবৃতির পর সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।
শেষে বৈঠকে উপস্থিত আলেমরা জানান, চামড়া ইস্যুতে তাদের অবস্থান ও সিদ্ধান্তে তারা অটল রয়েছেন এবং মাদরাসাসংশ্লিষ্ট স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, শাইখুল হাদিস আব্দুল কাদির, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মহিউদ্দিন খাঁন প্রমুখ আলেমগণ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আরও বহু শীর্ষ আলেম, মাদরাসা প্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ বৈঠকে অংশ নেন।
এনআর/
