জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসিফী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে বিভক্তি কাম্য নয়; বরং ঐক্যই সময়ের দাবি। তিনি মনে করেন, বিভক্তি সংগঠনটির কোনো কল্যাণ বয়ে আনবে না।
আজ বৃহস্পতিবার (২১ মে)এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর হাতে গড়া একটি দীনি সংগঠন। দীনের মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে তা সংগঠনের শক্তিকে দুর্বল করবে এবং লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত ব্যক্তিদের মধ্যে বিভাজন তৈরি হলে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে। বর্তমানে হেফাজত একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা ইউসিফী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটি প্রায় ব্যর্থ প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও কার্যকর কর্মসূচির পরিবর্তে ‘ফটোসেশনকেন্দ্রিক’ তৎপরতাতেই সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।
তিনি বলেন, যদি হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের আন্তরিক চিন্তা থাকে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন করে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্বে আনা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের দাবিগুলো আদায়ে সুস্পষ্ট কর্মপন্থা নির্ধারণ করাও সময়ের দাবি।
বিবৃতির শেষে তিনি আশা প্রকাশ করেন, হেফাজতে ইসলাম যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয়।
হাআমা/
