বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নবনির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এই দৃষ্টিনন্দন ম্যুরালটির ফলক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, এডিসি সারোয়ার আলম, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। এছাড়াও জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ. মান্নান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, ব্যাংকার আশরাফুল ইসলাম চঞ্চল, সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মতিউরনগর আঞ্চলিক সড়কের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটি স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের চার লেনের কাজের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভূমিতে অবস্থিত পুরোনো স্থাপনাটি অপসারণ করা হয়। এক্সাভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের একটি ভিডিও সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সওজ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই পূর্বের চেয়ে আরও বড় পরিসরে, আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীতে এই নতুন ম্যুরালটি নির্মাণ করা হয়।
নবনির্মিত এই ভাস্কর্যটির নকশা ও নির্মাণশৈলী সম্পর্কে এর শিল্পী অলি মাহমুদ জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ‘বাংলার ঈগল’-এ ত্রিমুখী কালো ফ্রেমের ফলক ব্যবহার করা হয়েছে। এর একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি এবং অন্যটিতে তার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়েছে। তৃতীয় স্তম্ভটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। এর মাঝে ত্রিভুজ আকৃতির মূল স্তম্ভের টেরাকোটায় মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গৌরবোজ্জ্বল দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ওপরের ঝুলন্ত কলামের একটিতে বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের প্রবেশ নির্দেশক এবং অন্যটিতে ভাস্কর্যটির নাম প্রতিস্থাপন করা হয়েছে। সবকিছুর শীর্ষে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পাকিস্তান থেকে ছিনতাই করা সেই ঐতিহাসিক ‘টি-৩৩’ যুদ্ধবিমানের একটি হুবহু প্রতিকৃতি মডেল হিসেবে তুলে ধরা হয়েছে, যা ম্যুরালটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।
টিএইচএ/
